ঢাকা টেস্টে রুদ্ধশ্বাস খেলায় ভারতকে খুব চাপে রেখেও ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ম্যাচের তৃতীয় দিনে ১ রানে আউট হওয়ার পর ভীষণ রেগে গিয়েছিলেন বিরাট কোহলি। আউট করার পর কেউ হয়তো ভারতের এই মহাতারকাকে স্লেজিং করেছিল। বেজায় চটে গিয়ে আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করতে থাকেন তিনি। তখন পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এসে কোহলিকে শান্ত করেন। রাগান্বিত অবস্থায়ই মাঠ ত্যাগ করেন কোহলি। পরে তাইজুলকে কিছু বলতে দেখা যায় সাকিবকে। কিন্তু অজানাই রয়ে যায় কোহলির রেগে যাওয়ার কারণ।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কেউই ঘটনা প্রকাশ করেননি। লিটন কুমার দাস ও মোহাম্মদ সিরাজকে জিজ্ঞেস করা হলে তারা জানেন না বলে উত্তর দেন।
রবিবার (২৫ ডিসেম্বর) হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ককে ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। হাসতে হাসতে সাকিব জানান, কোহলিকে কেউ কিছু বলেছিল। ওটাই আমি শুনতে গিয়েছিলাম, যে কে কী বলছিল। জিজ্ঞেস করলাম। কেউ বলে নাই কে বলছে।’
তৃতীয় দিনের খেলার তিন ওভারের মতো বাকি থাকতে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে ঘায়েল হন ২২ বলে ১ রান করা বিরাট কোহলি। ব্যাটের কানায় লেগে শর্ট লেগে ক্যাচ গেলে ঝাঁপিয়ে পড়ে বল লুফে নেন ব্যাট মমিনুল হক।