উসমান ডেম্বেলের গোলে রাতে জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় তারা হারিয়েছে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর এই ১-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা। ৩৮ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এদিকে, ম্যাচে দুটি লাল কার্ড দেওয়া হয়েছে। রীতিমত কুস্তিগীরের মত মারামারি করে লালকার্ড দেখেন ফেরান তোরেস ও স্যাভিচ।
২২তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ডিফেন্ডারদের পরাস্ত করে স্বাগতিকদের ডি-বক্সে ঢুকে যান পেদ্রি। নিজে শট না নিয়ে তরুণ এই মিডফিল্ডার বল বাড়িয়ে দেন গাভিকে। তার কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন অরক্ষিত ডেম্বেলে।