করিম বেনজেমা ও টনি ক্রুসের গোলে লা লিগায় রোববার এ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার সাথে সমান তালে শিরোপা দৌঁড়ের লড়াই চালিয়ে যাওয়া মাদ্রিদ আরো কিছুটা এগিয়ে থাকলো।
এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনাও। টেবিলের শীর্ষে থাকা বার্সা গেতাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত করেছে। জয় সত্বেও বার্সেলোনার থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াল ।
এ্যাথলেটিক শুরুটা ভাল করলেও আসেনসিওর হেড থেকে বেনজেমার ভলিতে ২৪ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। এটি ছিল বেনজেমার ২২৮তম লা লিগা গোল। এর মাধ্যমে তিনি রিয়াল আইকনিক রাউল গঞ্জালেজের সাথে লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থান স্পর্শ করছেন। ৩১১ গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো।