জাপানের বেশি বেশি বিনিয়োগ চাই: শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৩, ০৭:২১ পিএম

জাপানের বেশি বেশি বিনিয়োগ চাই: শেখ হাসিনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন স্পেশাল ইকোনোমিক জোনে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার জন্য জাপানের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাপানের একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

জাপানি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ তাদের জন্য প্রস্তুত এবং সেখানে গেলে তাদের দারুণ অভিজ্ঞতা হবে।”

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ২৪০ টি জাপানি কোম্পানির বিভিন্ন খাতে বিনিয়োগ আছে। এছাড়া, নারায়নগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন জাপান অর্থনৈতিক জোন এ বিনিয়োগের জন্য ৪ টি কোম্পানি নিবন্ধন করেছে। ক্রমেই এখানে বিনিয়োগে আগ্রহী কোম্পানির সংখ্যা বাড়বে বলে বাংলাদেশ আশা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই, আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাপানের বিনিয়োগকারীদের জন্য একটি ডেডিকেটেড ও নিরাপদ ইউটিলিটি সুবিধাসহ ইকোনোমিক জোন প্রতিষ্ঠা করছে। এখানে এক হাজার একর জমিতে শিল্প কারখানা স্থাপনের জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলমান আছে।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা আত্মবিশ্বাসী, আপনাদের বিনিয়োগ আপনাদের বড় ধরনের সাফল্য এনে দেবে।”

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) চেয়ারম্যান ইশিগুরো নোরিহিকো এবং জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) চেয়ারম্যান কেন কোবাইয়াশি ঐ সামিটে বক্তব্য দেন।

‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান) শীর্ষক এ সামিটের যৌথ আয়োজক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

শেখ হাসিনা বাংলাদেশ ও জাপানের কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে আরও বিনিয়োগ আশা করছি।”

তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে, তাই দ্বি-পক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্ভাব্য অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করতে জাপানের সঙ্গে কাজ করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার ব্যবসা করার উপায়গুলো সহজ ও মসৃণ করতে যথাসাধ্য চেষ্টা করছে। বিদেশি বিনিয়োগের জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল ছাড়াও হাই-টেক ও সফটওয়্যার পার্ক নির্মাণ করা হয়েছে।”

তিনি বলেন, আইসিটি, ইলেকট্রনিকস, অবকাঠামো, চামড়া, টেক্সটাইল, আতিথেয়তা ও পর্যটন, ভারী শিল্প, রাসায়নিক ও সার এবং এসএমইর মতো বিভিন্ন খাতে সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, “জাপানে বসবাসরত প্রবাসী (অনাবাসী) বাংলাদেশি (এনআরবি) এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং তাঁরা তাঁদের রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করছেন।”

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, “আমি তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগ স্বাগত জানাই এবং তাদের জাপানি বন্ধুদের সঙ্গে যৌথ উদ্যোগে জড়িত হয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাই।"

Link copied!