ঈদকে সামনে রেখে দাম বেড়েছে সুগন্ধি চিনিগুঁড়া চালের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ১০:৩৬ এএম

ঈদকে সামনে রেখে দাম বেড়েছে সুগন্ধি চিনিগুঁড়া চালের

সুগন্ধযুক্ত চিনিগুঁড়া চাল ব্যবহার হয় প্রধানত বিয়েশাদি ও সামাজিক অনুষ্ঠানে বা বিশেষ কোনো উপলক্ষে। সাধারণভাবে খাওয়ায় চিনিগুঁড়া চালের ব্যবহার হয় না বললেই চলে। কিন্তু রমজান শুরুর আগে থেকেই বাড়ছে এই সুগন্ধি চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে এই চালের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা।

সুগন্ধি চালের দাম বাড়ার খবর নিশ্চিত করেছেন খুচরা ব্যবসায়ীরা। তবে কী কারণে দাম বাড়ছে, তাঁরা জানেন না। কয়েকজন খুচরা বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, ‘দুই সপ্তাহ আগে চিনিগুঁড়া চাল (৫০ কেজি) প্রতি বস্তা কিনতে খরচ হতো চার হাজার ৭০০ টাকা। এখন সেই বস্তা কিনতে হচ্ছে পাঁচ হাজার ৩০০ টাকায়। একজন ক্রেতা বলেন,প্রতি বস্তায় ৬০০ টাকা বাড়তি দাম দিতে হচ্ছে। প্রতি কেজি আগে কিনতে হতো ৯৪ টাকায়, এখন কিনতে হচ্ছে ১০৬ টাকায়। 

কৃষি দপ্তর বলছে, বাজারে চিনিগুঁড়া নামে যে চাল বিক্রি হয়, তার ৮০ শতাংশই বিআর-৩৪ জাতের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই সুগন্ধি চালের জাত উদ্ভাবন করেছে। চিনিগুঁড়া চালের উৎপাদনের বিপরীতে রপ্তানির পরিমাণ খুবই সামান্য। বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এসব চাল মজুদ করার অভিযোগও রয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, ২০১৮-১৯ অর্থবছরে ৭ লাখ ৬৬ হাজার ৩০৫ মেট্রিক টন সুগন্ধি চাল উৎপাদিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদিত হয় ১৫ লাখ ৮৬ হাজার ৭৯২ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে ১৭ লাখ ৭৫ হাজার ১৭৮ মেট্রিক টন সুগন্ধি চাল উৎপাদিত হয়। 

 
 

Link copied!