এপ্রিল ২৫, ২০২৩, ০৯:৩১ পিএম
রপ্তানী উন্নয়ন তহবিল হতে ঋণ সুবিধার আওতায় রপ্তানীকৃত পণ্যের আয় অপ্রত্যাবাসিত থাকলে একই রপ্তানীকারক বা ব্যক্তি কিংবা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নতুন ঋণসুবিধা না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার সকল শিডিউল ব্যাংককে এ নির্দেশ দেয়া হয়।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারী করা এ নির্দেশনায় বলা হয়, রপ্তানী উন্নয়ন তহবিল হতে রপ্তানী আদেশের বিপরীতে নেয়া ঋণ অপরিশোধিত থেকে যাওয়ায় তহবিলের অর্থ আটকে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে ঋণসুবিধার আওতায় রপ্তানী করে সেই আয় অপ্রত্যাবাসিত রেখে আবারও নতুন করে ঋণ নিচ্ছে রপ্তানীকারকরা।
ব্যাংকগুলোও ঋণ থাকা সত্বেও ঐ ঋণগ্রহীতাকে আবারও ঋণ দিচ্ছে।
নতুন নির্দেশে বলা হয়, ঋণসুবিধা গ্রহনের পর সংশ্লিষ্ট রপ্তানীকারক এর রপ্তানী আয় প্রত্যাবাসিত না হলে উক্ত রপ্তানীকারক, বা স্বার্থ সংশ্লিষ্ট, বা একই গ্রুপভূক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানী তাদের নতুন রপ্তানী আদেশের বিপরীতে কোনও ঋণসুবিধা পাবে না।
অতিমারী কোভিড পরবর্তী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দেশের রপ্তানিমূখী শিল্পের কার্যক্রম চলমান রাখতে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।
রপ্তানি সহায়ক এ তহবিল থেকে রপ্তানী আদেশের বিপরীতে প্রাক-অর্থায়ন সুবিধা দেওয়া হয় রপ্তানিকারকদের।
রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল হতে ঋণ সুবিধা গ্রহণকারী গ্রাহককে নির্ধারিত রপ্তানির বিপরীতে রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত (ওভারডিও এক্সপোর্ট বিল) না রাখারও নির্দেশনা দেয়া হয়।