বিনা প্রতিদ্বন্ধিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।
রবিবার (৯ মে) তিনি ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। রাজধানীরে মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ ফলাফল ঘোষণা করেন।
এফবিসিসিআই এর নতুন সভাপতি জসিম উদ্দিন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান, বেসরকারি টেলিভিশন চ্যানেল-ন্যাশনাল টেলিভিশন লিমিটেডের (আরটিভি) ভাইস চেয়ারম্যান এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান।
নতুন পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
নির্বাচনী বোর্ড সভাপতি ও জ্যেষ্ঠ সভাপতির সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সংগঠনের অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে তিন জন করে মোট ছয় জন সহ-সভাপতির নামও ঘোষণা করে।
প্রত্যেকটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন বোর্ড জানিয়েছে।
অ্যাসোসিয়েশন গ্রুপের তিন সহ-সভাপতি হলেন- কালি প্রস্তুতকারক মালিক সমিতির এম এ মোমেন, লেদারগুডস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের হাবিব উল্লাহ ডন এবং মুদ্রণ শিল্প সমিতির আমিন হেলালী।
চেম্বার গ্রুপের তিন সহ-সভাপতি হলেন- ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম, মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।