করোনা মহামারীর আতঙ্ক কমে যেতেই বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মধ্যে পড়েছে স্বর্ণ। ফেব্রুয়ারিজুড়ে ৫ দশমিক ৯৪ শতাংশ দরপতনের পর চলতি মাসের প্রথম সপ্তাহেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এমন টানা দরপতনের মধ্যে পড়ায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে দামি এই ধাতুটির দাম।
স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে বড় দরপতন হয়েছে রুপা ও প্লাটিনামের। গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৮৮ শতাংশ। রুপার দাম কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ। প্লাটিনামের দাম কমেছে ৪ দশমিক ৯৬ শতাংশ।

বিশ্ববাজারে দর পতনের ফের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের বাজারেও স্বর্ণের দাম আবারও কমেছে। বর্তমানে প্রতি ভরিতে দেড় হাজার টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নিধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২৫২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৯৩১ টাকায়।

এর আগে সর্বশেষ গত ১৩ জানুয়ারি স্বর্ণের ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়। সে হিসাবে দুই মাসের মধ্যে দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম কমেছে।