কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও অন্যান্য নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার ২৩ শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এফবিসিসিআই নেতৃবৃন্দ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে টিকা গ্রহণ করেন শেখ ফজলে ফাহিমের স্ত্রী ন্যান্সি জাহারা বিনতে মূসা, শ্বাশুড়ি কানিজ ফাতেমা চৌধুরী, এফবিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন রাজেশ, পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, খন্দকার মাইনুর রহমান, খন্দকার রুহুল আমিন, ড. কাজী ইরতেজা হাসান, সালাহউদ্দিন আলমগীর, সুজিব রঞ্জন দাস, ফেরদৌস ওয়াহেদ, হুমায়ূন রশিদ খান পাঠান ও আবুল আয়েস খান।
টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও দুরদর্শী উদ্যোগের কারণে টিকা প্রাপ্তি, গ্রহণ ও সুষ্ঠু বণ্টনে বিশ্বের শীর্ষ ১০ টি দেশের অন্যতম একটির তালিকায় থাকতে পেরেছে বাংলাদেশ।
তিনি বলেন ব্যবসায়ীরা করোনার টিকা নেয়া শুরু করেছেন। এফবিসিসিআই এর সকল চেম্বার ও এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দসহ দেশের সকল ব্যবসায়ীরা পর্যায়ক্রমে এ টিকা গ্রহণ করবেন।
এ সময় তিনি করোনার টিকা শতভাগ নিরাপদ জানিয়ে দেশবাসীকে নি:সংকোচে টিকা গ্রহণ করার আহবান জানান।