ডিএসইতে সার্ভার জটিলতায় লেনদেনে বিঘ্ন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ০৫:১৩ পিএম

ডিএসইতে সার্ভার জটিলতায় লেনদেনে বিঘ্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে গোলযোগ দেখা দেওয়ায় সোমবার দিনের অর্ধেক সময়ও লেনদেন করা সম্ভব হয়নি। তবে ঠিক কী কারণে এ সমস্যা সে বিষয়ে ডিএসইর স্পষ্ট কোনো কারণ জানায়নি।

সকাল সাড়ে ৯টায় বাজার খোলার পর বেলা ১০টা ৫৮ মিনিটে এ সার্ভারে জটিলতা দেখা দেয়। এই জটিলতা দূর করে লেনদেন শুরু হয় বেলা ২টার দিকে। চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত।

ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান মো. শফিকুর রহমান বলেন, ‘সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় লেনদেন বন্ধ ছিল। আমাদের নিজস্ব আইটি টিম ও সার্ভার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক যৌথভাবে ত্রুটি সমাধান করেছে।’

বেলা ২টা ৫ মিনিটে সার্ভার ফিরলে আবার লেনদেন শুরু হয় এবং বেলা ২টা ২৫ পর্যন্ত তা চলে বলে জানান ইবিএল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

সকালে লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত পতনের ধারায় ছিল ডিএসই সূচক। দুপুরের স্বল্প সময়ের লেনদেনে পরিস্থিতির খুব বেশি হেরফের হয়নি।

এ দিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮টির দাম বেড়েছিল, ৮২টির কমেছিল এবং ২১৫টির দর অপরিবর্তিত ছিল।

আগের দিন রোববার ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষ করেছিল ৬ হাজার ৩৪৪ পয়েন্ট নিয়ে। সোমবার বেলা আড়াইটায় লেনদেন শেষ হওয়ার পর এ সূচকে ছিল ৬ হাজার ৩০৭ পয়েন্টের ঘরে।

পুঁজিবাজারে লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। ঢাকায় লেনদেন বিঘ্নিত হলেও দেশের দ্বিতীয় বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন রয়েছে।

Link copied!