দেশে ডিজিটাল মুদ্রা চালু করার প্রস্তাব

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ০৪:৫২ পিএম

দেশে ডিজিটাল মুদ্রা চালু করার প্রস্তাব

বর্তমান সরকার দেশে ডিজিটাল মুদ্রা চালুর কথা ভাবছে। ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহারের বিকল্প হিসেবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে ডিজিটাল মুদ্রা চালু করার পরিকল্পনা করছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।  

ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে। ডিজিটাল মুদ্রা (সিডিবিসি) চালুর মূল উদ্দেশ্য হলো—ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান সহজতর করা এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসায়কে উৎসাহ দেওয়া।”

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, “আমাদের সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালুর লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি করা হবে।”

Link copied!