ব্যাংকে লেনদেনের সময় ১ ঘন্টা বাড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২১, ০৭:১৭ পিএম

ব্যাংকে লেনদেনের সময় ১ ঘন্টা বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন চলাকালে বৃহস্পতিবার (৬ মে) থেকে ব্যাংকে লেনদেনের সময় আরও এক ঘন্টা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।

বুধবার (৫ মে) পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকে লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক নতুন করে এ সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন আরোপ করা হয়। পরবর্তীতে সরকার বিশেষজ্ঞদের পরামর্শে সর্বাত্মক লকডাউন দফায় দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

এদিকে ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ঈদের ছুটিতে তাদের কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

Link copied!