লকডাউনে গার্মেন্টস খোলা রাখার দাবি ৪ সংগঠনের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৫:১২ পিএম

লকডাউনে গার্মেন্টস খোলা রাখার দাবি ৪ সংগঠনের

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু কঠোর লকডাউনের সময় গার্মেন্টস খোলা রাখার দাবি জানিয়েছে পোশাক ও বস্ত্রখাতের চার সংগঠন।

রবিবার (১১ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুস সালাম বলেন, ‘আগামী ১৪ তারিখ থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। তবে এই লকডাউন কর্মসূচিতে পোশাক খাতকে বাইরে রাখার আবেদন জানাচ্ছি।’

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলারের রফতানি আদেশ হারিয়েছে পোশাক খাত এবং চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় রফতানি হারিয়েছে সাড়ে ৯ শতাংশ। ২০২০ সালের এপ্রিল নাগাদ পোশাক খাতের এক হাজার ১৫০টি সদস্য প্রতিষ্ঠান ৩১৮ কোটি ডলারের কার্যাদেশ বাতিল ও স্থগিতের শিকার হয়েছে। ৯০ শতাংশ প্রত্যাহার হলেও মূল্যছাড় ও ডেফার্ড পেমেন্ট মেনে নিতে হয়েছে। 

সংবাদ সম্মেলনে মো. আবদুস সালাম ছাড়াও বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সদ্য নির্বাচিত বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!