ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে না পারলে বাংলাদেশকে অবশ্যই টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৫ মে) দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন না এলে অবশ্যই টাকা ফেরত পাব। এভাবে কোনো দেশ কোনো দেশের টাকা মেরে দেয় নাকি? আমরা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করেছি। এটা তো গোপন কোনো কাজ নয়। কাগজপত্রে লেখালেখি হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে। সুতরাং কন্ট্রাক্টচুয়্যাল ডিভিশন তাদেরও আছে আমাদেরও আছে। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য। আমরা অন্যান্য সোর্সেও চেষ্টা করছি ভ্যাকসিনের জন্য।’
টাকা ফেরত পাওয়ার বিষয়ে তিনি বলেন,’তারা টিকা দেবে না এটা এখনও নিশ্চিত করেনি। তাই আগাম টাকা চাওয়া যাবে না। তারা যখন বলবে আমরা টিকা দিতে পারব না, তখন টাকা চাওয়ার প্রশ্ন আসবে।’
ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটি সোর্সের উপর নির্ভরশীল হরে চলবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছি আমরা একটা সোর্সের ওপর নির্ভর করব না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেশের মানুষের জীবন-মরণ প্রশ্ন। তাই এর পাশাপাশি আরো বিভিন্ন সোর্স থেকে যারা ভ্যাকসিন তৈরি করে এবং যারা গ্রহণযোগ্য, যাদের ভ্যাকসিনে কোন আশঙ্কা নেই; সেসকল কোম্পানি থেকেও আমরা ভ্যাকসিন নেয়ার জন্য চেষ্টা করছি।’