প্রতীকী ছবি
চেকের মাধ্যমে নতুন যেকোনও ব্যাংকে নগদ টাকা উত্তোলনের পরিমাণ আরও ১ লাখ টাকা বাড়ছে। এখন থেকে ব্যাংকে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।
শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক চেকের মাধ্যমে ৪ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না।
আগের সপ্তাহে সর্বোচ্চ উত্তোলনের সুযোগ ছিল ৩ লাখ টাকা। তারও আগে গত ১০ আগস্ট ২ ও ৮ আগস্ট ১ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না মর্মে নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর ব্যাংকে চেকের মাধ্যমে নগদ উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনওভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন নিরুৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।