মার্চ ১৬, ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার ঘটনায় অগ্নিকাণ্ডের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হামলার পর একটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুবাই সিভিল এভিয়েশন অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু করা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১ হাজার ৮০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। যদিও দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তবে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় উপসাগরীয় এই বাণিজ্যিক কেন্দ্রের পর্যটন ও বিমান চলাচল খাতে প্রভাব পড়তে শুরু করেছে। এর আগে গত সপ্তাহে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন হামলায় অন্তত চারজন আহত হওয়ার খবরও জানিয়েছিল দুবাইয়ের মিডিয়া অফিস।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য। তবে সামরিক সদস্যরা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে জানানো হয়েছে।