সিন্ডিকেটের ভয়ে ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ার ঘোষণা নবীন পাঞ্জাবির মালিকের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:১২ এএম

সিন্ডিকেটের ভয়ে ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ার ঘোষণা নবীন পাঞ্জাবির মালিকের

ব্যবসা গুটিয়ে বিদেশ চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন।

মঙ্গলবার রাজধানীর বিশাল সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নবীনের মালিক বলেন, আমাদেরকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয় যে ৪৫০০ টাকার নিচে পাঞ্জাবি বিক্রি করা যাবে না আর ১৫০০ টাকার নিচে পাজামা বিক্রি করা যাবে না। তারা এই সিন্ডিকেট সবসময় নিয়ন্ত্রণ করে আসছে।

তবে আমাদের লক্ষ গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এর কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। আমি আবার প্রবাসে ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না।

এনামুল হাসান বলেন, আমাদেরকে ফোন দিয়ে ভয় দেখানো হচ্ছে যে সব শোরুম বন্ধ করে দেব যদি ভিডিও ডিলিট না করো। আমরা তো ভিডিও করিনি, আমাদের এক গ্রাহক ভিডিও করে ফেসবুকে দিয়েছে সেখান থেকে সংবাদকর্মীরা ভিডিওগুলো নিয়েছে।

নবীনের মালিক আরও বলেন, আমরা ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করি। এ ছাড়া আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম।

তিনি আরও বলেন, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সরকার সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি কিন্তু আমাদের মত ব্যবসায়ীরা কখনই সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, বড় বড় ব্যবসায়ীরা যারা বড় অংকের লোন নেয় ব্যাংক থেকে নিয়ে ঋণ খেলাপি হয়। আমরা জনগণের জন্য যদি কিছু করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা ভয়-ভীতি দেখানো হয়।

এর আগে গত ২০ মার্চ ঈদুল ফিতরের আগের দিন কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় জোরপূর্বক রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ এর দোকান বন্ধ করে দেয়। কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান মার্কেটের অন্যান্য পাঞ্জাবির দোকানদাররা।
 

Link copied!