ডিআইটিএফ

নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা

অর্থ-বাণিজ্য ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৮:১০ এএম

নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা

নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা। ছবি:সংগৃহীত

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার।

ইপিবি সূত্রে জানা গেছে, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে ১৮ ডিসেম্বর ইপিবিতে বৈঠক হয়। নির্বাচনের আগে মেলা পরিচালনা, ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নানা সমস্যা সৃষ্টি হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়। জানুয়ারির তৃতীয় সপ্তাহের যে কোনো দিন মেলা শুরু করা যায় বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ঠিক কবে থেকে মেলা শুরু করা যায়, তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর।

ইপিবির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এবার নির্বাচনের কারণে ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হচ্ছে না। ২০২৪ সালের জানুয়ারির ২০ বা ২২ তারিখের দিকে মেলা শুরু করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

বাণিজ্যমেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার বলেন, ‘আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্র্রহণ হওয়ার কথা রয়েছে। এ কারণে মেলা শুরুর দিন পেছানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ১৫ জানুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা ধরে এগোচ্ছি। তবে প্রয়োজন হলে মেলার উদ্বোধন আরও সপ্তাহখানেক পেছানো হতে পারে।’

প্রসঙ্গত, দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী জানুয়ারিতে সেখানে তৃতীয়বারের মতো বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্যমেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। 

 

Link copied!