অর্ধেক জনবলে চলবে ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২২, ০৭:৩৪ পিএম

অর্ধেক জনবলে চলবে ব্যাংক

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় অর্ধেক জনবল নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

রোস্টারিংয়ে চলবে কার্যক্রম

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধের মধ্যে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনের নিরিখে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়, অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাবলি কঠোরভাবে পরিপালন করতে হবে।

এর আগে, গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের আরেক নির্দেশনায় বলা হয়, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নিতে হবে এবং ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

Link copied!