কিউকমের ২০ গ্রাহক টাকা ফেরত পেলেন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২২, ০৮:৩৯ পিএম

কিউকমের ২০ গ্রাহক টাকা ফেরত পেলেন

অগ্রিম টাকা নিয়ে নেওয়ার পর  পণ্য না দেওয়ার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ই-কমার্স কোম্পানি কিউকমের ২০ জন গ্রাহক তাদের আটকে থাকা অর্থ ফেরত পেয়েছেন। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে ৪০ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের পাওনা অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। প্রথম ধাপে ২০ জন গ্রাহক ৪০ লাখ ২ হাজার ৪১৩ টাকা করে ফেরত পেয়েছেন। এ মধ্যদিয়ে ভোক্তাদের অর্থ ফেরত কার্যক্রম উদ্বোধন করলাম। 

তিনি আরও বলেন, “আমরা কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি ইউনিক আইডি নম্বর থাকবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। এই কাজটি প্রায় শেষের দিকে।” ১৫ দিনের মধ্যে এটি শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তপন কান্তি ঘোষ বলেন, সবচেয়ে প্রায়োজনীয় বিষয় ছিল গ্রাহকরা যে টাকা ফেরত পাননি বা পণ্য বুঝে পাননি, সে অর্থ তারা ফেরত চাচ্ছিলেন, কিন্তু যেগুলোর বিরুদ্ধে মামলা ছিল, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তারা মতামত দিয়েছিল সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে এবং মালিক জেলে আছেন। তাদের টাকাটা ফেরত দেওয়া যাবে না। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও মামলা নেই, তাদের মধ্যে একটি কিউকম। 

তিনি বলেন, ফস্টার পেমেন্টের মাধ্যমে টাকা দেওয়ার বিষয় ছিল, তবে ফস্টারের বিরুদ্ধে সিআইডির অভিযোগ ছিল, সেজন্য এনওসি নিয়ে এসেছি। বাংলাদেশে ব্যাংকও এটি নিয়ে কাজ করছে। আপতত ৫৯ কোটি টাকার বিষয় নিয়ে কাজ করা হয়েছে। যেখানে ৬ হাজার ৭২১ জনের লেনদেনের বিষয় রয়েছে। এসব ক্রেতা পণ্য পাননি। তাদের ৫৯ কোটি টাকা ফেরত দেওয়ার  ব্যবস্থা করেছি।  আজ ২০ জনের অর্থ ফেরত দেওয়া হলো। অন্যদের টাকাও ফেরত দেওয়া হবে। 

যেসব ক্রেতা আগাম টাকা পরিশোধ করেও পণ্য পাননি, তার একটি পূর্ণাঙ্গ তালিকা ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের কাছে জমা দিতে কিউকম ও ফস্টারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অর্থ ফেরত দেওয়া হবে। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে কিউকম ডট কম যাত্রা শুরু করে। ইভ্যালির মতো তারাও বিশাল ছাড়ে বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে আসছিল। অগ্রিম টাকা নিয়ে ১ থেকে ১৫ দিনের মধ্যে গ্রাহককে পণ্য বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিত প্রতিষ্ঠানটি।

Link copied!