গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ এখন ২০ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২২, ১১:৪৭ এএম

গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ এখন ২০ টাকা

দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।

গতকাল শুক্রবার পাঠানো এক ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি।

এই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো গ্রাহকরা কিনতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গ্রামীণফোন।

এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুই দিন এবং তিন দিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভয়েস কল ও ইন্টারনেট ক্ষেত্রে মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

এ সংক্রান্ত এক নির্দেশনা গ্রামীণফোনে পাঠিয়েছে বিটিআরসি কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবে অপারেটরটি।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা (চলতি বছরের মে পর্যন্ত) ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

Link copied!