ডলার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশি-বিদেশী ৬ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণ করতে চিঠি দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তবে তিনি ব্যাংকগুলোর নাম জানাননি।
খোলা বাজারে ডলার বিক্রি করছিল তারা
খোঁজ নিয়ে জানা গেছে, চিঠি পাওয়া ব্যাংকের তালিকায় বেসরকারি খাতের ব্র্যাক,সিটি,প্রাইম,ডাচ বাংলা ব্যাংক ও বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রয়েছে। খোলা মার্কেটে ডলারের দাম বৃদ্ধি নিয়ে মুখপাত্র বলেন, যারা খোলা বাজারে ডলারের অবৈধ ব্যবসা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ পর্যন্ত পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৪২টিকে কারণ দর্শাতে বলা হয়েছে। শোকজের যথাযথ উত্তর দিতে পারলে এসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে বিবেচনা করা হবে। অভিযানে আরও ৯টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়ে এতদিন ব্যবসা করে আসছিল।
এদিকে, খোলা বাজারে ১১৫ টাকায় পৌঁছেছে ডলারের দাম, যা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত রেটের চেয়ে অনেক বেশি।