দাম কমলো এলপি গ্যাসের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২১, ০৫:৪১ পিএম

দাম কমলো এলপি গ্যাসের

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমায় দেশের বাজারেও এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারণ হওয়া দাম অনুযায়ি বেসরকারি খাতে মূল্য সংযোজন করসহ ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে  কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। আগামী শনিবার (১ মে) থেকে এটি কার্যকর হবে বলে বিইআরসি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় বিইআরসি এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি খাতে সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা যা আগে ছিল ৪৭ টাকা ৯২ পয়সা।

সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। এটি উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, ‘সৌদি সিপির ভিত্তিতেই দাম সমন্বয় করা হয়েছে। তাই এর বাইরে অন্য কিছু বিবেচনা করা হয়নি। প্রপেন ও বিউটেনের প্রতি টন সৌদি সিপি গড়ে ৫৪০ দশমিক ৫০ মার্কিন ডলার ধরে হিসাব করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কিত মূসক ও ডলারের বিপরীতে টাকার মান ধরে আনুপাতিক হারে পরিবর্তন হয়েছে।

এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো গত ডিসেম্বরে বিইআরসিতে দাম বৃদ্ধির প্রস্তাব করে। তাদের এই প্রস্তাব মূল্যায়ন করে সংস্থার গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। পরে গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে বিইআরসির উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়।

Link copied!