ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:৩৫ পিএম
বাংলাদেশের সাথে বিশ্বের বাজার তৈরি করতে আয়োজিত হচ্ছে ‘ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২’।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রেস কনফারেন্স ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই তিন দিনব্যাপী কার্নিভালটি শুরু হয়।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট, ইউএসএ’ এবং ‘ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল সোসাইটি’ এর উদ্যোগে ২৩,২৪ ও ২৫ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজিত হচ্ছে এই কার্নিভালটি।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, যুবসংগঠন, শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি ১১৭ জনের একটি দল প্রবাসী বাংলাদেশিদের দেশের মানুষের সাথে কাজ করার উদ্যম ও সম্ভাবনা তৈরির জন্য এই কার্নিভালটি আয়োজন করেছেন।
হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট লিমিটের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি আমীন হেলালি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কার্নিভালের প্রধান উপদেষ্টা কর্ণেল আবুল ফজল মোহাম্মদ খালেদ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কার্নিভাল উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অডিটোরিয়ামে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। কার্নিভালে অংশ নিচ্ছে ভুটান, নেপাল, ভারত, কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিনিধি।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটেল মিলনায়তনে দিনব্যাপী কনফারেন্স, এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চাকরিমেলা, র্যাফেল ড্র, সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রবিবার (২৫ ডিসেম্বর) নড়াইলে হ্যাভেন রিসোর্টে ভ্রমণ ও পিঠা উৎসব আয়োজিত হবে।
এছাড়াও এই আয়োজনের সহযোগী আয়োজক হিসেবে আছেন হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট লিমিটেড এবং মিউট কনসোর্টিয়াম। এছাড়া ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছেন রোটারেক্ট অ্যালামনাই অফ বাংলাদেশ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনলাইন এক্সিবিশন পার্টনার হিসেবে রয়েছে আরোবি।