মুডি’স রেটিং

বাংলাদেশ দুই ধাপ নীচে পড়লো

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ৩১, ২০২৩, ০৫:০২ পিএম

বাংলাদেশ  দুই ধাপ নীচে পড়লো

মুডি’স ইনভেস্টর সার্ভিস বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ নেয়া ও পরিশোধের সক্ষমতাকে দুই ধাপ অবনমন করে ‍‍`বিএ-৩‍‍` থেকে ‍‍`বিএ-১‍‍` নির্ধারণ করেছে।

আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি‍‍`স এর ভাষায় এটি ‍‍`লং টার্ম ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিং‍‍` ‘বিএ৩’ থেকে অবনমন করে ‘বি১’ নির্ধারণ।

একই সঙ্গে শর্ট টার্ম ইস্যুয়ার রেটিং (স্বল্পমেয়াদি ঋণ বাধ্যবাধকতা পূরণের সামর্থ্য) নির্ধারণ করেছে ‘নট প্রাইম’।

২০১০ সাল থেকে ক্রেডিট রেটিং বা ঋণমান শুরু করার পর একটা স্থিতিশীল অবস্হান থেকে এই প্রথম বাংলাদেশের দুই ধাপ পতন হলো।

মুডি‍‍`স গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের রেটিং পর্যালোচনার যে উদ্যোগ নিয়েছিল, তার পরিসমাপ্তি ঘটলো বলে জানিয়েছে সংস্থাটি।

মুডি’সের মূল্যায়নে বলা হয়েছে, চলমান সংকটের সময়টিতে বাংলাদেশের ক্রমবর্ধমান বাহ্যিক দুর্বলতা ও তারল্য ঝুঁকি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিষয়টি সামনে আসায় সভরেন ক্রেডিট প্রোফাইল ‘বি১’ রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিছুটা শিথিল হওয়া সত্ত্বেও চলমান ডলার ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার বিষয়টি থেকে বাংলাদেশের বর্তমান অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমদানিতে ব্যাঘাত ঘটছে। দেখা দিচ্ছে জ্বালানি সংকট। 

সরকার এখনো আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগটি থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি এবং একাধিক বিনিময় হার ও সুদহারের সীমার মতো অপ্রচলিত উদ্যোগ বিশৃঙ্খলার কারণ হয়ে উঠেছে। সর্বোপরি অর্থনীতির আকারের তুলনায় রাজস্ব আহরণ অত্যন্ত কম। বিষয়টিতে সরকারের নীতিগত সক্ষমতা ব্যাহত হচ্ছে। টাকার অবমূল্যায়নের কারণে স্বল্পমেয়াদের অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের পরিমাণ বাড়ছে। একই সঙ্গে দুর্বল হচ্ছে সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা।

মুডি‍‍`স মনে করে, বাংলাদেশের দুর্বল প্রতিষ্ঠান ও সুশাসন পরিস্থিতি এর রেটিংকে সীমাবদ্ধ করেছে এবং এতে গর্ভন্যান্স ইস্যুয়ার প্রোফাইল স্কোর ‘জি৪’ দাঁড়িয়েছে, যা উচ্চমাত্রায় নেতিবাচক। দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের কারণে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করছে, যেখানে আইনি কাঠামোর বিশ্বাসযোগ্যতাও সীমিত। এসব সুশাসন চ্যালেঞ্জের বিষয়টি ব্যাংক খাতের সম্পদের মানের ক্ষেত্রেও আংশিক অবদান রেখেছে। পাশাপাশি একটি অবনতিশীল মুদ্রানীতি কাঠামো সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে অবমূল্যায়িত করেছে এবং আর্থিক বিচক্ষণতাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে বলে মনে করছে মুডি’স।

Link copied!