ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়লো সোনার দাম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৮:৪২ পিএম

ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়লো সোনার দাম

এক সপ্তাহের ব্যবধানে বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ভা‌লো মা‌নের সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফ‌লে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। আগে এই দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। বৃহস্পতিবার থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বুধবার(৩ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা। এদিন ২১ ক্যারেটের সোনার দাম ছিল ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয় ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ১৭১ টাকা।

প্রসঙ্গত, সবশেষ চলতি বছরেরে ২৮ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়।

Link copied!