এপ্রিল ১১, ২০২১, ১০:০৪ পিএম
আসন্ন পবিত্র রমজান মাসে নকল, ভেজাল ও নিম্নমানের পণ্য সরবরাহরোধে সরকার সমন্বিত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, করোনা মহামারীতে লকডাউন চলাকালেও পণ্য পরিবহন ও সরবরাহ স্বাভাবিক থাকবে। এছাড়া বিএসটিআই পরিচালিত আকস্মিক অভিযানও অব্যাহত থাকবে বলে জানান শিল্পমন্ত্রী।
রবিবার(১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্পভবনে মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত বিশেষ কার্যক্রম সম্পর্কে জানাতে ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সেসময় মন্ত্রী বলেন, করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত লকডাউনের সময় পণ্য পরিবহন ও সরবরাহ স্বাবাভিক থাকবে। পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন এবং পরিমাপে কারচুপি বন্ধ করতে চলমান মোবাইল কোর্ট এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই’র সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হবে।
এছাড়া পবিত্র রমজান মাসে জনগণ যাতে মানসম্মত পণ্য ক্রয় ও ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে বর্তমানে বিভিন্ন মিডিয়ায়, যে বিজ্ঞপ্তি প্রকাশ ও সচেতনতামূল বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তা অব্যাহত থাকবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
নূরুল মজিদ মাহমুদ বলেন, অভিযানের মাধ্যমে বিশেষ করে রোজাদাররা সচরাচর যে সকল খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন সেসব খাদ্য ও পানি এবং ইফতার-সামগ্রীর উপর বিশেষ নজর রাখা হবে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো অভাব হবে না।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের চিনি ও লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। যদি কেউ কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্যের দাম বৃদ্ধি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজির মাধ্যমে সরকারের কার্যক্রমে বাধাগ্রস্থ করার প্রচেষ্টার বিরুদ্ধে সরকারের গৃহীত জিরো টলারেন্স নীতি পুনরায় উল্লেখ করেন। মন্ত্রী এবিষয়ে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শিল্প প্রতিমন্ত্রী আসন্ন রমজান মাসে ভোক্তাদের মাঝে মানসম্মত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। অসাধু চক্র সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না করতে পারে, সেজন্য তিনি সবাইকে সজাগ থাকারও আহবান জানান।
এই প্রেস ব্রিফিংয়ে জুলাই ২০২০ হতে মার্চ ২০২১ পার্যন্ত মাননিয়ন্ত্রণ সংক্রান্ত বিএসটিআই’র গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়।
শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম ও মো. সেলিম উদ্দিন, বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার, বিএসএফআইসির চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপুসহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানরা ব্রিফিংয়ে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।