ইউক্রেনে হামলার জেরে এবার রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে অর্থ লেনদেনের মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে তারা।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বিভিন্ন মার্কিন ব্যবসায়িক ও প্রযুক্তি প্রতিষ্ঠান মস্কোতে কার্যক্রম স্থগিত করছে। সবশেষ এই তালিকায় যুক্ত হলো ভিসা ও মাস্টারকার্ড।
কার্যক্রম স্থগিতের বিষয়ে মাস্টারকার্ড কর্তৃপক্ষ এক বিৃবতিতে বলেছে, ‘চলমান সংঘাতের নজিরবিহীন প্রকৃতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আমরা রাশিয়ায় আমাদের নেটওয়ার্ক সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
ভিসা কর্তৃপক্ষও আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দিনগুলোতে রাশিয়ায় সব ভিসা লেনদেন বন্ধ করতে দেশটিতে নিয়োজিত সহকর্মী ও সহযোগীদের সঙ্গে কাজ করবে তারা। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে তারা।
ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘোষণা করেছে, রাশিয়ার ওপর আরোপিত মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে সংগতি রেখে ব্যবস্থা নেবে তারা।
মাস্টারকার্ড বলেছে, ‘আমাদের সহকর্মী, আমাদের গ্রাহক ও সহযোগীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা আমরা অনেকে চিন্তাও করতে পারব না।’ রুশ ব্যাংক থেকে ইস্যু করা মাস্টারকার্ড এখন আর তাদের নেটওয়ার্কের আওতায় থাকবে না বলেও জানিয়েছে কোম্পানিটি।রাশিয়ায় নিয়োজিত প্রায় ২০০ কর্মীকে বেতন ও অন্য সুবিধা দিয়ে যাবে বলেও জানায় মাস্টারকার্ড।
একইভাবে ভিসা কর্তৃপক্ষও বলেছে, রাশিয়ায় ইস্যু করা কার্ডগুলো দেশটির বাইরে আর কাজ করবে না। তবে দুই কোম্পানিই বলেছে, বিদেশে ইস্যু হওয়া কার্ডগুলো এখন আর রাশিয়ায় কাজ করবে না।
এদিকে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ সতর্ক করেছে, বিদেশে থাকা রুশ নাগরিকেদের লেনদেনের জন্য বিকল্প ব্যবস্থা বেছে নিতে হবে।