বাংলাদেশ ও ভারতের অর্থমন্ত্রীর বৈঠক

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা, ঢাকার সাথে আরও কাজ করতে চায় দিল্লি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ১০:০২ পিএম

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা, ঢাকার সাথে আরও কাজ করতে চায় দিল্লি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রগুলো চিহিৃত করে ঢাকার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। এজন্য কানেকটিভিটি বাড়িয়ে দুই দেশের জনগণের মধ্যে জোরালো সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেছ নরেন্দ্র মোদি প্রশাসন।

মঙ্গলবার (১৮ জুলাই) ভারতের গুজরাটের গান্ধীনগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে এক বৈঠকে  ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এসব কথা বলেন। জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের মাঝে ওই সাইড লাইন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে স্বাগত জানান নির্মলা সীতারামন। দুই দেশের অর্থমন্ত্রী বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা করেন।

বৈঠক চলাকালে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।  

ভারতের অর্থমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কানেকটিভিটি যত বাড়বে ততই দুই দেশের লোকজনের মধ্যে সম্পর্ক জোরালো হবে। একইসঙ্গে দুই দেশের অর্থনৈতিক এলাকায় সহযোগিতা বাড়াবার জায়গাগুলো চিহ্নিত করে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, “বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ভারত এই তিনটি নাম বালাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ।“

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের নাম ওতোপ্রতোভাবে জড়িত। ভারত শুধু বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, আমাদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু।

মুস্তাফা কামাল বলেন, ভারতের সঙ্গে আমাদের ইতিহাসের, ভাষার, সংস্কৃতির, মনমানসিকতার গভীর সমন্বয় রয়েছে। একইসঙ্গে রয়েছে উন্নয়ন ও অগ্রযাত্রার সমৃদ্ধ ইতিহাস।

এ সময় জি-২০ সম্মেলনে আয়োজক দেশ ভারত বাংলাদেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে আমন্ত্রণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের অর্থমন্ত্রী। একইসঙ্গে নির্মলা সীতারামনকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।সূত্র: বাসস

Link copied!