বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে মঙ্গলবার ডলারের আন্তব্যাংক লেনদেনের মূল্য বদলে ফেলেছে। ডলার প্রতি ১০ টাকা বৃদ্ধি করে নতুন এই মূল্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে ডলারের বিক্রয়মূল্য ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। আর আন্তব্যাংক লেনদেনে ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। গতসোমবার ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ৯৬ টাকা করা হয়। কিন্তু মঙ্গলবার ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হচ্ছে ১০৬ টাকার বেশি। আর ক্রয়মূল্য দেখানো হচ্ছে প্রায় ১০২ টাকা। তবে আজও বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক সাড়ে ৪ কোটি ডলার বিক্রি করেছে ৯৬ টাকা দরে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, টাকা ও ডলারের বিনিময়মূল্য ব্যাংকগুলো নির্ধারণ করেছে। জোগান ও চাহিদা এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) দামের ভিত্তিতে ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার মধ্যে নেই। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে কেনাবেচা করবে।