৪০ টাকা দরে সেদ্ধ চাল, ২৭ টাকায় ধান কিনবে সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২১, ০২:০৫ পিএম

৪০ টাকা দরে সেদ্ধ চাল, ২৭ টাকায় ধান কিনবে সরকার

চলতি মৌসুমে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান এবং ১১ লাখ ৫০ হাজার  মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এক ভার্চৃয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র  মজুমদার এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ‘৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা দরে ১ লাখ ৫০ হাজার  মেট্রিক টন আতপ চাল ও ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।’

তিনি আরও  বলেন, ‘বোরো ধান আগামী ২৮ এপ্রিল ২০২১ থেকে এবং চাল ৭ মে থেকে সংগ্রহ শুরু হবে। উভয় সংগ্রহ শেষ হবে আগস্ট মাসের ৩১ তারিখ।’

গত ২২ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় ধান ও চাল কেনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে  অন্যদের মধ্যে  কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান উপস্থিত ছিলেন।

Link copied!