‘লেটস গো মার্ট’ এর শুভেচ্ছা দূত হলেন মিম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২১, ০৩:৪৮ পিএম

‘লেটস গো মার্ট’ এর শুভেচ্ছা দূত হলেন মিম

ইভ্যালি, ইঅরেঞ্জ, ধামাকাসহ বেশ কয়েকটি ইকমার্স প্রতিষ্ঠানের প্রতারণায় ইকমার্স সাইটের সুনাম ক্ষুন্ন হয়েছে। তবে এর মাঝেও সম্প্রতি ‘লেটস গো মার্ট’ নামে আরেকটি ইকমার্স প্রতিষ্ঠান তাদের যাত্রা শুরু করতে চলেছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই নতুন ই-কমার্স সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মিমের সঙ্গে একটি চুক্তি সই হয়।  

‘নেভার লেট গো অব ইউর নিডস’ স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে এই ই-কমার্স সাইট।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর (অব) মো. রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীন।

সৈয়দ আশরাফ-উস-সালেহীন গণমাধ্যমে জানান, 'দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে সঙ্গে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের এই ই-কমার্স সাইটটি চলবে জিরো ওয়্যার হাউজ ও জিরো অ্যাডভান্স সিস্টেমে। যেখানে কোন ধরনের পণ্য মজুদ করা হবে না। গ্রাহক অর্ডার করলেই অর্ডারের পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা ক্রেতা ও বিক্রেতার দুই পক্ষের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রেখেছি। যেখানে 'লেটস গো মার্ট' মার্চেন্ট ও করপোরেট থেকে নগদ টাকায় পণ্য কিনে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে।'

শুভেচ্ছা দূত হওয়ার প্রতিক্রিয়ায় বিদ্যা সিনহা মিম বলেন, ‘দেশের ই-কমার্স সাইটে নতুন মাত্রা নিয়ে আসা এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে বিরূপ ধারণা চলে এসেছে, সেই ধারণা পাল্টে দিতেই নতুন মাত্রা নিয়ে আসতে যাচ্ছে ‘লেটস গো মার্ট’। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও প্রতিশ্রুতিবদ্ধ সেবা সম্পর্কে সঠিক ধারণা নিয়েই আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি।'

Link copied!