দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৪২১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামের উপসর্গ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৩ জন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।
একই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১৬ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৪ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।