শেষ হলো শারদীয় দুর্গাপূজা। এই পাঁচদিন একটু অনিয়ম হয়েছে বৈকি। রাত জেগে মন্ডপে ঘোরাঘুরি, সাজগোজ, ভাজাভুজি বেশি খাওয়া, কাজের চাপ- এসব তো উৎসবেই হয়। তবে, এখন যেহেতু স্বাভাবিক নিয়মে ফিরে আসতে হবে, ফলে ক্লান্তিও দূর করতে হবে নিমিষেই।
চেহারায় ক্লান্তিও ছাপ দূর করতে কিছু ঘরোয়া উপায়ই যথেষ্ট। আসুন জেনে নেই, কী সেই উপায়গুলো-
বরফ ঘষে নিন
রাত জেগে ঠাকুর দেখার পর সকালে ফিরে আর ঘুম আসতে চায় না। ঘুম কম হওয়ায় যদি চোখেমুখে ক্লান্তির ছাপ পড়ে। মেক আপ দিয়ে সেই ক্লান্তি ঢাকা দেওয়া যায় না। তাই পরের দিন বেরোনোর আগে মুখে বরফ ঘষে নিন। তবে, সরাসরি ত্বকে বরফ মাখবেন না। পরিষ্কার কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে মুখে ঘষে নিন।
চোখের তলায় রাখুন টি ব্যাগ
অনেকেই চা খেয়ে টি ব্যাগ ফেলে দেন। ফেলে না দিয়ে ওই টি ব্যাগগুলি ফ্রিজে রেখে দিন। সকালে এসে চোখের তলায়, মুখে দিয়ে রাখুন। ক্লান্তি যেমন কাটবে, তেমন চোখের তলার কালচে ছোপও দূর হবে।
ফ্ল্যাক্সসিড জেল লাগিয়ে রাখুন
স্বাস্থ্য সচেতন অনেক মানুষই আজকাল ফ্ল্যাক্সসিড খান। জলে ভিজিয়ে ফ্ল্যাক্সসিড খাওয়ার পর, গ্লাসের শেষে ওই জল-সহ সিড রেখে দিন। এক রাত রাখলেই দেখবেন স্বচ্ছ, থকথকে একটি মিশ্রণে পরিণত হয়েছে। সেখান থেকে দানাগুলি ছেঁকে নিয়ে, বাকি অংশটুকু মুখে মেখে নিন। হাতেনাতে ফল পাবেন।
অ্যালোভেরা জেল
বাজার থেকে কেনাই হোক বা বাড়ির গাছের অ্যালো ভেরা, সেখান থেকে জেল বার করে নিন। তার সঙ্গে ভিটামিন ই মিশিয়ে বরফ জমানোর ট্রেতে জমিয়ে রাখুন। সকালবেলা ফিরে মুখ ধুয়ে মেখে ফেলুন। রাত জাগার কোনও ছাপই পড়বে না।
শসার প্যাক
বাড়িতে নিশ্চয়ই শসা থাকে? কুরিয়ে নিয়ে, মুখে মেখে ফেলুন শসার রস। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।