বর্তমানে দেশে চলছে করোনাভাইরাসের তীব্র সংক্রমণ। তাপ্রবাহও চলছে পাল্লা দিয়ে। তাপপ্রবাহে শরীর চায় বেশি পরিমাণ পানি। যেসব খাবারে যথেষ্ট পরিমাণ পানি থাকে, সেগুলো খেলে শরীর ঠাণ্ডা থাকে। মহামারির মধ্যে করোনাভাইরাসের সঙ্গে লড়তে যেসব খাবার সাহায্য করবে, তেমন জিনিসই পছন্দ করা জরুরি।এমন তিনটি ফল হলো-তরমুজ, আনারস ও শসা।
তরমুজ
তরমুজে খুব সামান্য ক্যালরি আছে। তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না। তরমুজের ৯২ শতাংশই পানি। শরীরে পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হলো আদর্শ ফল। তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশ। যা করোনার সময়ে আরও বেশি করে প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। তা ছাড়া, ডায়াবিটিসের রোগীদের জন্যও এই ফল ভাল।
আনারস
এই ফলে পানির পরিমান ৮৬ শতাংশের কাছাকাছি। টক-মিষ্টি স্বাদের এই খাদ্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। অতিমারি থেকে বাঁচতে যখন চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন ভিটামিন সি খাওয়ার, তখন আনারসের খাদ্যগুণ বেশ গুরুত্ব দিয়েই দেখা যেতে পারে। এছাড়া, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস দেশের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত।
শসা
শসায় পানির পরিমাণ প্রায় ৯৫ শতাংশ। এটি কখনও ফল হিসেবে কাঁচা খাওয়া যায়। আবার কেউ কেউ শসা দিয়ে নানা পদ রান্নাও করে ফেলেন। এই সময়ে শসার মতো খাবার কমই আছে। শরীর ঠান্ডা রাখে। পেট ভর্তি করে। এ ছাড়াও শসার আর একটি গুণ হল ত্বকের যত্ন নেওয়া। মাস্ক পরে থেকে যখন অস্বস্তি হচ্ছে, শসা তখন ত্বকে ঠান্ডা ভাব আনে।
সূত্র: আনন্দবাজার