পৃথিবীতে চলছে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে শনিবার (২৯ মে) সকাল পর্যন্ত মোট ৩৫ লাখ ৩৭ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। আর এই সময় পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৯৮৫ জন। তবে করোনা থেকে সেরে ওঠার সময় অনেকেরই ওজন বেশ কমে যাচ্ছে বলে জানা গেছে।
এর কারণ সম্পর্কে রয়েছে নানা জনের নানা মত। অনেকে মনে করছেন, কড়া কড়া ওষুধের কারণেই এই সমস্যা হচ্ছে। তবে আসলেই কি তাই?
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুবর্ণ গোস্বামী এ বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘কোভিডের চিকিৎসার কারণে বা ওষুধের কারণে ওজন কমে যাচ্ছে— এই কথাটা ঠিক নয়।’
তিনি বলেন, ‘কোভিড সংক্রমণের ফলে অনেকেরই স্বাদ এবং গন্ধের অনুভূতি চলে যাচ্ছে। ফলে তাঁদের কোনও খাবারই খেতে ভাল লাগছে না। অনেকের ক্ষুধা কমে যাচ্ছে। ফলে ওজন কমাটা খুব অস্বাভাবিক কিছু নয়।’
এই ক্ষুধা না পাওয়ার ফলে আগামী দিনে বড় সমস্যা হতে পারে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ডা. সুবর্ণ গোস্বামী বলেন, ‘আমরা সব রোগীকেই বলি, এই সময় পুষ্টিকর খাবার খেতে। কারণ কোভিড থেকে সেরে ওঠার জন্য এই ধরনের খাবার খুব প্রয়োজনীয়। কিন্তু কেউ যদি খেতেই না পারেন, তা হলে সেরে ওঠার সময় বেশি লাগবে।’
তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ, গন্ধ বা ক্ষুধা হয়তো ফিরে আসছে। তখন হয়তো আবার কোভিডের দীর্ঘ প্রতিক্রিয়া হিসেবে হজমের সমস্যা বা পেটের গণ্ডগোল লেগে রয়েছে। ফলে একটু বেশি মাত্রায় খেলে তা হজম হচ্ছে না। ফলে ওজনও বাড়ছে না।’
এক কথায় বলা যায়, ক্ষুধা না পেলেও বা খাবার বিস্বাদ লাগলেও প্রতিদিন জোর করেই পুষ্টিকর খাবার খেতে হবে- এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এটি না হলে করোনা থেকে পুরোপুরি সেরে উঠতে অনেক বেশি সময় লেগে যাবে।
সূত্র: আনন্দবাজার