জুলাই ১৫, ২০২৩, ০৬:৩৩ পিএম
ডেঙ্গু রোগের মূল লক্ষণ জ্বর। প্রথম দুই থেকে তিন দিন এই জ্বর থাকে, এবং তা ১০২ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বরের সঙ্গে গাব্যথা, চোখের পেছন দিকে ব্যথা, ক্ষুধামান্দ্য, পেটব্যথা, বমি ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। সেই সঙ্গে অনেক শিশুর গায়ে দানা বা র্যাশ দেখা দেয়। নাক বা মাড়ি থেকে রক্ত পড়তে পারে। ডেঙ্গুর তিন থেকে আট দিনের সময়কে বলা হয় ‘ক্রিটিক্যাল ফেজ’। এই সময় মূলত ডেঙ্গুতে আক্রান্ত শিশুর অবস্থা জটিল হয়।
যেসব উপসর্গে বুঝবেন শিশুর ডেঙ্গু হয়েছে
ডেঙ্গুর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে অতিরিক্ত জ্বর থাকা। সাধারণত ১০৩ বা ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে শিশুর। পাশাপাশি শিশুর শরীর ব্যথা থাকতে পারে। আরেকটি বড় লক্ষণ হচ্ছে এই জ্বরে কোনও ধরনের ঠান্ডা লাগা কিংবা কাশি থাকবে না। জ্বরের পাশাপাশি বমি বমি ভাব, পাতলা পায়খানা থাকতে পারে শিশুর। জ্বর পরবর্তী সময়ে শরীরে লালচে র্যাশ ওঠাও ডেঙ্গুর অন্যতম লক্ষণ।
প্রতিরোধ
ডেঙ্গুজ্বর প্রতিরোধ করতে আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, ফ্রিজের নিচে জমে থাকা পানি, বাথরুমের বালতির পানি তিন দিন পরপর অবশ্যই পরিষ্কার করতে হবে, যেন ডেঙ্গু মশা এই পরিষ্কার পানিতে ডিম পাড়তে না পারে। ভোররাত ও সন্ধ্যার দিকে মশারি টাঙাতে হবে। ডেঙ্গু রোগীকে অবশ্যই মশারির নিচে রাখতে হবে।