বিছুটি পাতা। নামটা শুনলেই বিরক্তি আসে বেশিরভাগের মনে। এটি এমন একটি গাছ, যার পাতার রস, পাতার গুঁড়ো শরীরে লাগলে চুলকানি শুরু হয়। ঝোপঝাড়ে জন্মায় এই গাছ। একেক জায়গায় একেক নামে ডাকা হয় বিছুটি পাতাকে। কিন্তু জানেন কি, এই পাতার বেশ কিছু উপকার রয়েছে। বিছুটি পাতায় রয়েছে ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন-সহ একাধিক খনিজ উপাদান। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে বিছুটি পাতার উপকারিতা সম্পর্কে-
যেসব রোগের ক্ষেত্রে বিছুটি পাতা কার্যকর:
১) বিছুটি পাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ শরীরে যে কোনও রকম সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারে। অনেক নারী মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)-এর সমস্যায় ভোগেন। এই পাতা শরীর থেকে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলিকে বার করে দিতে সাহায্য করে।
২) বিছুটি পাতার নির্যাস দিয়ে অনেক রকম ব্যথানাশক ওষুধ তৈরি হয়। বাতের ব্যথা উপশমে এই পাতা বেশ উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই পাতা দিয়ে চা বানিয়ে নিয়মিত খেলে বাতের ব্যথা আরাম পাওয়া যায়। হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৩) ডায়বেটিস রোগের ক্ষেত্রেও রক্তে শর্করা মাত্রা কমাতে এই পাতা সাহায্য করে। এই পাতার রস নিয়মিত খেলে শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
৪) কিডনিতে পাথর জমলেও এই পাতার চা খেলে উপকার পেতে পারেন।
৫) গরমে অনেকের ত্বকেই ঘামাচির সমস্যা হয়। এ ক্ষেত্রেও বিছুটি পাতার রস খেলে উপকার পেতে পারেন। র্যাশ ও অ্যালার্জির সমস্যাতেও এই পাতা দারুণ কাজ দেয়।
৬) আলসারের সমস্যাতে পেটের প্রদাহ কমাতে এই পাতা কাজে আসে। নিয়মিত এই পাতার তৈরি চা খেলে পেটের ক্ষত নিরাময় হয়।