শীত আসলেই চুলের যেন সঙ্গীন অবস্থা হয়ে যায়। বাতাসে আর্দ্রতা কমে যাওয়া ও ধুলোবালি বেড়ে যাওয়ায় চুল হয়ে যায় রুক্ষ ও নিষ্প্রাণ। তবে যদি সঠিকভাবে যত্ন নেন তাহলে কিন্তু এই শীতেও চুল থাকবে ঝরঝরে, সুন্দর আর সতেজ।
আপনার মাথার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে শীতে খুশকির প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ সমস্যা থেকে রেহাই পেতে মৌরি ও সমপরিমাণ পানি সারা রাত ভিজিয়ে রেখে পরদিন ভালোমতো বেটে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। এক থেকে দেড় ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেললে খুশকি দূর হবে।
যাদের মাথার ত্বক শুষ্ক শীতকালে তা আরও বেশি শুষ্ক হয়ে যায়। খুশকিও যায় বেড়ে। এ থেকে রেহাই পেতে দেড় টেবিল চামচ মেথি ও দেড় টেবিল চামচ শুকনা আমলকি এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিন। এরপর বেটে নেয়া মিশ্রণের সাথে দুই-তিন চা-চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের গোড়ায় লাগালে খুশকি যেমন দূর হবে তেমনি চুল পুষ্টিও পাবে।
শীতে গোসলের জন্য শরীরে গরম পানি ব্যবহার করলে মাথায় গরম পানি ব্যবহার করবেন না কিন্তু। এ জন্য অনেকে গোসলের সময় চুল ভেজান না। শীতকালে এটি একেবারেই করা উচিত নয়। এ সময় বাইরে অনেক বেশি ধুলাবালু ওড়ে তাই রোজ চুল পরিষ্কার করা উচিত। ঠান্ডা পানি দিয়েই চুল ধুয়ে নিতে হবে।
শীতে চুলের রুক্ষ ভাব দূর করতে নিয়মিত তেল দিতে হবে। তবে মাথায় তেল দিয়ে বাইরে বের হওয়া ঠিক হবে না, এতে চুলে আরও বেশি ময়লা জমবে। বাইরে বের হলে চুল ভালোমতো বেঁধে, ঢেকে রাখতে হবে।