রান্নায় সর্ষের তেল ভাল না সয়াবিন বা অন্যান্য তেল ভাল- রান্নার এই তেল নিয়ে রাধুনীদের বিতর্ক চলে আসছে অনেক দিন ধরে। আর এই বিতর্ক কবে নাগাদ শেষ হবে তা কেউ জানে না। আবার তেল ছাড়া রান্নার যুক্তিও দাঁড় করান অনেকে। তাদের মতে, রান্নায় তেল থাকলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। তবে এমন কোনও তেল আছে কি যা খেলে ওজন কমতেও পারে?

এ ধরণের তেল আছে তো বটেই। এই তেল বাঙালির অতি প্রিয়। আর এই তেলের কথা শুনলে যেসব হোমমেকার বা রাঁধুনী সর্ষের তেল আনা বন্ধ করেছেন, তারা এবার বাড়ির কর্তাদের শুধু সর্ষের তেলই আনতে জোরাজুরি করবেন।
রান্নায় ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে সবারই কিছু না কিছু গুণ থাকে। সর্ষের তেলেও রয়েছে গুণ। এতে এমন কিছু উপাদান উপস্থিত, যা বিপাক হার বাড়াতে সাহায্য করে। এতে উপস্থিত ভিটমিন-বি কমপ্লেক্স তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে। আর খাবার দ্রুত হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

কড়া গন্ধের জন্য সর্ষের তেল অনেকেই আজকাল ব্যবহার করতে চান না। তবে এতে আছে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। এতে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমন শরীরে ভাল ফ্যাটের পরিমাণ বাড়ে। এর ফলে অতিরিক্ত ওজনবৃদ্ধিও ঘটে না। নিয়ন্ত্রণে থাকে ওজন।

ওজন নিয়ন্ত্রণ ছাড়াও অবশ্য নানা গুণ আছে সর্ষের তেলের। যেমন হজম ভাল হয় বলে পেট ঠিক রাখতে সাহায্য করে সর্ষের তেল। পাশাপাশি, কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। তবে খেয়াল রাখা জরুরি যে, কোনও জিনিসই অতিরিক্ত ভাল নয়।পরিমাণ বুঝেই সর্ষের তেলও রান্নায় ব্যবহার করতে হবে।