মিষ্টি পানীয় খেতে অনেকেরই ভাল লাগে।তবে বেশি চিনি মেশানো পানীয়ের কারণে অন্ত্র ও মলদ্বারের ক্যানসারের আশঙ্কা থাকে।এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব মেডিসিন’ বিভাগের এক সমীক্ষা।
সাধারণত একটু বেশি বয়সেই অন্ত্র এবং মলদ্বারের ক্যানসারের আশঙ্কা থাকে। ৩-৪ বছর আগে পর্যন্ত এই ধরনের ক্যানসার সংক্রমণের গড় বয়স ছিল ৭২ বছর। কিন্তু গত কয়েক বছরে সেই গড় বয়স কমে এসে দাঁড়িয়েছে ৬৬-তে।
সমীক্ষায় দেখা গিয়েছে, অল্প বয়স থেকেই যাঁরা অতিরিক্ত মিষ্টি বা চিনি মেশানো পানীয় পান করতে অভ্যাস করেন, তাঁদের ক্ষেত্রে এই ধরনের ক্যানসারের আশঙ্কা বাড়তে থাকে।
ঠিক কী পরিমাণে বাড়ে ক্যানসারের আশঙ্কা, সেটাও দেখিয়েছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, যাঁরা প্রতি দিন ২০০ মিলিলিটার বা তার বেশি মিষ্টি পানীয় পান করেন, তাঁদের ক্ষেত্রে অন্ত্র এবং মলদ্বারের ক্যানসারের আশঙ্কা প্রায় ১৬ শতাংশ বেড়ে যায়।
বিজ্ঞানীরা অল্প বয়সে এই ধরনের ক্যানসারে আক্রান্ত ১, ১৬, ৫০০ জনকে নিয়ে এই সমীক্ষাটি চালান। তাতে দেখা গিয়েছে, এই আক্রান্তদের প্রায় সকলেই অতিরিক্ত মিষ্টি দেওয়া পানীয় দীর্ঘ দিন ধরে পান করে আসছেন।
সাধারণ ২০ থেকে ৩৪ বছর বয়সীদের এই জাতীয় পানীয় সবচেয়ে বেশি মাত্রায় পান করতে দেখা যায়। পরবর্তী সময়ে এই ধরনের পানীয়ের অভ্যাস ছেড়ে দিলেও, তার কুপ্রভাব শরীরে থেকে যায়। বাড়ে কম বয়সে এই ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা।
সমীক্ষা বলছে, যেসব শিশুদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, তারা যদি এই জাতীয় পানীয়ে অভ্যস্ত হয়ে যায় তাহলে বয়স ৫০ বছর পৌঁছানোর আগেই তাদের অনেকের শরীরে ওই জাতীয় ক্যান্সার বাসা বেধে ফেলে।
সূত্র: আনন্দবাজার