বাড়তি ওজন মানেই বাড়তি বোঝা আর ঝুঁকিপূর্ণ। বাড়তি ওজনের কারণে শরীর ও মনে বাসা বাঁধে নানা রোগ। এছাড়া, যাদের ওজন বেশি, তাদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়।অতিরিক্ত ওজনের জন্য অস্থিসন্ধিতে পরিবর্তন দেখা দেয়।তাই বেশিরভাগ লোকই ওজন কমিয়ে একেবারে স্লিম ফিগারের অধিকারী হতে চায়। আর এজন্য ব্যায়ামকে তারা সবচেয়ে কার্যকর উপায় হিসেবে মনে করে।
তবে বেশি মাত্রায় ব্যায়াম বা শরীরর্চ্চা করতে ভয় পান অনেকে। তাদের ভয় যদি আবার ‘স্ট্রেস হরমোন’ বা মানসিক চাপ বাড়ানোর হরমোনগুলির ক্ষরণ বেড়ে যায়। কিন্তু শরীরচর্চার পরিমাণ এক রেখেও আপনি বেশি মাত্রায় ওজন কমাতে পারেন। সে জন্য শরীরচর্চার আগে আপনাকে পান করতে হবে একটি বিশেষ পানীয়। আর তা হলো এক কাপ কড়া কফি।
সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব স্পোর্টস নিউট্রিশন’-এ প্রকাশিত হওয়া এক গবেষণাপত্রে বলা হয়েছে, শরীরচর্চা বা ব্যায়ামের ৩০ মিনিট আগে এক কাপ কড়া কফি খেলে ওজন অনেক দ্রুত কমে যায়। কফি না খেয়ে সম পরিমাণ ব্যায়াম ততটাও কার্যকর হয় না। সবচেয়ে বড় কথা, দিনের কোন সময়ে এই কফিটা খাওয়া হচ্ছে এবং ব্যায়াম করা হচ্ছে, সেটাও এ ক্ষেত্রে গুকুরত্বপূর্ণ নয়। সব সময়েই একই কাজ হয়।
এক কাপ কফি কতটা কড়া হতে হবে-এ বিষয়ে ওই গবেষণায় বলা হয়, একজনের শরীরের ওজন যা, তার প্রতি কিলোগ্রাম পিছু ৩ মিলিগ্রাম ক্যাফিন পান করতে হবে। অর্থাৎ কারও ওজন ৮০ কিলোগ্রাম হলে, তাঁকে ২৪০ মিলিগ্রাম ক্যাফিন খেতে হবে।
গবেষণায় আরও বলা হয়, শুধু ওজন কমানোই নয়, শরীরচর্চা বা ব্যায়ামের ফলে অনেকের ক্ষেত্রেই পেশিতে ব্যথা হয়। সেই ব্যথার পরিমাণও কমাতে পারে কফি।
সূত্র: আনন্দবাজার