দাঁত মানুষের মূল্যবান সম্পদ। প্রত্যেকে চায় সাদা-মজবুত দাঁত আর সুন্দর হাসি। কিন্তু নিজেদের অবহেলার কারণে অনেকেরই দাঁতে ক্ষয় হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, দাঁতের ওপরের এনামেল উঠে যাওয়াকেই দাঁতের ক্ষয় বলে। মিষ্টি খাবার দুধ, পাউরুটি, কেক, পেস্ট্রি বেশি খেলে দাঁত দ্রুত ক্ষয় হয়।
নানা কারণে দাঁতের মধ্যে গর্ত হতে পারে। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে, সংক্রমণ হয়। শিশুদের এই গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায়। এমন অবস্থায় তারা কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে।
সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি। তবে ঘরে বসে মাত্র চারটি ওপায় মেনে চললে দাঁতের এই সমস্যা থেকে যেকেউ মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক দাঁতের ক্ষয় রোধ করার কয়েকটি সহজ উপায়।
পুষ্টিকর খাবার খান
দাঁতের ক্ষয়রোধে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে। এসব খাবারে থাকা ফ্যাট সলিউবল প্রকৃতি দাঁতের ক্ষয় রোধে কাজ করে। শাকসবজি খাওয়ার পাশাপাশি নারকেল তেল, অ্যাভোকেডো, বাদাম ইত্যাদি স্বাস্থ্যকর চর্বি খাদ্য তালিকায় রাখুন।
ভেষজ টুথপেস্ট ব্যবহার করুন
যেসব টুথপেস্টে রাসায়নিক উপাদান কম থাকে এমন টুথপেস্ট ব্যবহার করুন। বাজার চলতি ভেষজ উপাদানে তৈরি প্রচুর আয়ুর্বেদিক টুথপেস্ট আছে। দাঁতের ক্ষয় রোধ করতে এগুলোর ব্যবহার বেশি করে করুন।
দাঁত পরিষ্কার রাখতে হবে
প্রতিদিন অন্তত দুইবেলা ব্রাশ করতে হবে। এক্ষেত্রে রাতে খাওয়ার পর এবং সকালে খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। দাঁত ব্রাশের জন্য নরম টুথব্রাশ ব্যবহার করাই ভাল। দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করতে হবে।
মিষ্টি জাতীয় খাবার ছেড়ে দিন
যে কোনও রকম মিষ্টি জাতিয় খাবারকে বাদ দিতে হবে খাবার তালিকা থেকে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মতে মিষ্টি জাতীয় খাবার দাঁতের ক্ষয়ের পরিমান বহুগুণে বাড়িয়ে দেয়। তাই মিষ্টিকে ‘গুড বাই’ জানালে ভাল হয়।
সূত্র: জি ২৪ ঘন্টা