ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ- নানা গুণের ফল ডুমুর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ১১:১২ এএম

ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ- নানা গুণের ফল ডুমুর

ডুমুর ফলের রয়েছে অনেক গুণ। অ্যাজমা, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য দূর করাসহ অনেক জটিল রোগ প্রতিরোধ করে এই ফল। বিশেষ করে শীতকালে এই ফল অনন্য। অথচ আমাদের কাছে এই ফল অবহেলিতই থাকে। মৌসুমী ফল ছেড়ে ডুমুরের দিকে অনেকে ফিরেও তাকান না।

ডুমুর খুবই উচ্চমানের ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। বিভিন্ন রোগের চিকিৎসায় স্মরণাতীতকাল থেকে ডুমুরের পাতা, কাঁচা ও পাকা ফল, নির্যাস, বাকল, মূল প্রভৃতি কার্যকরভাবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি ১০০ গ্রাম ডুমুরে খাদ্যশক্তি ৩৭ কিলোক্যালরি, ১২৬ মাইক্রোগ্রাম ক্যারোটিনসহ ভিটামিন এ, বি, সি ও অন্যান্য উপাদান রয়েছে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, গুটিবসন্ত, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি ও মূত্রসংক্রান্ত সমস্যা, স্নায়বিক দুর্বলতা, মস্তিষ্কের শক্তিবৃদ্ধি, সর্দি-কাশি, ফোড়া বা গ্রন্থস্ফীতি (টিউমার) ও স্ত্রীরোগের চিকিৎসায় জগডুমুর কার্যকর।

কোষ্ঠকাঠিন্য দূর করে

ডুমুরে আছে প্রচুর দরকারি ফাইবার। এ ফাইবার হজমে সাহায্য করে। এ ছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ডায়রিয়া বা অন্য কোনো রকম পেটের গোলযোগ সহজে হতে দেয় না।

ওজন কমাতে সাহায্য করে

শরীরে মেদ নিয়ে যাঁরা দুশ্চিন্তা করেন, তাঁদের জন্য ডুমুর উপকারী। এর ফাইবার মেটাবলিজমকে ঠিক রাখে এবং শরীরে অকারণ মেদ জমতে দেয় না।

উচ্চ রক্তচাপ

নানা কারণে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ও পরিমিত ডুমুর ফল খেলে আমাদের শরীরে সোডিয়াম-পটাশিয়ামের সামঞ্জস্য রক্ষা হয়। ফলে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা কম হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

ডুমুরে উপস্থিত ক্লোরোজেনিক অ্যাসিড রক্তে শর্করার মাত্রা বিপদসীমার বাইরে রাখতে সাহায্য করে। টাইপ টু ডায়াবেটিসে যাঁরা ভুগছেন, এই ফল ভিজিয়ে খেলে বাড়তি উপকার পাবেন। ডায়াবেটিক রোগীদের অনেক কিছু খাওয়া বারণ থাকে। রোজের পাতে না হলেও মাঝেমাঝে নিশ্চিন্তে স্বাদ নিতে পারেন ডুমুরের।

Link copied!