করোনা মহামির কারণে শিশুদের জীবনযাত্রা পাল্টে গেছে একেবারেই। সাতসকালে ওঠা, সময়ে লেখাপড়া শেষ করা। এ সবের পাট এক অর্থে ছিলই না গত বছরটা জুড়ে। এবার নতুনভাবে স্কুলে ফিরলে সে সব নিয়ম মেনে চলতে পারবে তো সন্তানরা! মনোবিদরা দিয়েছেন পরামর্শ।
আর সবার মতো গত বছরটা ঘরে বসেই কেটেছে স্কুলপড়ুয়াদের। বাড়ি বসে থাকতে থাকতে রোজের নিয়ম কখন যে আলগা হয়ে গেছে, তা চোখেই পড়েনি ভাইরাসভীতির আবহে। ধীরে ধীরে সব কাজ নতুনভাবে চালু করার প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এ কারণেই চিন্তাও বেড়েছে অভিভাবকদের। সন্তানরা কি পারবে আগের সব নিয়ম মেনে চলতে!
সন্তানকে নতুন উদ্যোমে স্কুলে পাঠানোর আগে কিছু অভ্যাসের দিকে বিশেষ করে খেয়াল রাখতেই হবে, বলেছেন মনোবিদরা। যেমন সিডনির এক সংবাদমাধ্যমকে মনোবিদ ক্রিস্টিন গ্রোভ এক সমাধান বাতলে দিয়েছেন। তার বক্তব্য, স্কুল এখনই চালু হোক বা না হোক, ছোট ছোট শিশুদের স্কুলের অভ্যাসটা মনে করিয়ে দেওয়ার দরকার আছে। সময় থাকলেই নিজের বাড়ির ছোট্ট শিশুটির সঙ্গে একটু ‘স্কুল স্কুল’ খেলুন। তা হলে তাদেরও মনে পড়ে যাবে স্কুলে গিয়ে কীভাবে চলতে হবে। এমন খেলার অভ্যাস তৈরি হয়ে গেলে, হঠাৎ স্কুল খোলার কথা শুনে অসুবিধায় পড়বে না শিশুরা। বরং প্রস্তুত থাকবে স্কুলের আচরণ-বিধি মেনে চলার জন্য। আর হঠাৎ স্কুলের নিয়মে আবদ্ধ হতে মনও খারাপ হবে না তাদের। স্বাস্থ্য সুরক্ষার যে চর্চাটা শিশুরা ঘরে করেছে, সেটিও ঠিকই মেনে চলবে স্কুলে।
চিকিৎসকরা বলছেন, খেলার ছলে স্কুলের আচরণ-বিধি শিশুদের মনে করিয়ে দেওয়া খুবই জরুরি। এখন তো একটু একটু মেলামেশাও করছে মানুষ। শিশুদের ক্ষেত্রেও একটু তেমন সুযোগ করে দিতে হবে। ওরা যদি দু’-এক জন বন্ধুর সঙ্গে দেখা করে স্কুল-স্কুল খেলে, তবে মনও ভাল থাকবে।