যেসব প্রাকৃতিক উপাদান ত্বকে সরাসরি ব্যবহার উচিত নয়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৪:২০ পিএম

যেসব প্রাকৃতিক উপাদান ত্বকে সরাসরি ব্যবহার উচিত নয়

ত্বকে ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম উপাদানের চেয়ে প্রাকৃতিক উপাদানের ওপর আমরা বেশি ভরসা করে থাকি। তবে প্রাকৃতিক উপাদান ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখবেন সবসময় সব উপাদান ত্বকে সরাসরি ব্যবহার করা ক্ষতিকর।

ত্বকে সরাসরি ব্যবহারের ক্ষেত্রে কিছু উপাদান এড়িয়ে যাওয়াই ভালো বলে জানিয়েছেন ভারতের ‘দেগা অর্গানিকস’য়ের প্রতিষ্ঠাতা আরতি রাগুরাম। তিনি পাঁচটি উপাদান সম্পর্কে সাবধান থাকার পরামর্শ দেন।

লেবু: অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ছোপ ছোপ দাগ দূর করতে ও উজ্জ্বলতা বাড়াতে অনেকেই ত্বকে লেবু ব্যবহার করেন। তবে লেবু অ্যাসিডিক হওয়ায় তা ত্বকের পিএইচ-এর ভারসাম্য নষ্ট করে দেয়। ত্বকে সরাসরি লেবু ব্যবহারে অ্যালার্জির প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে। অতিরিক্ত শুষ্কতা, লালচে ভাব এবং চামড়া ওঠার সমস্যা দেখা যেতে পারে। 

এসব ঝুঁকি থেকে ত্বককে রক্ষা করতে কোনো ফেসমাস্ক বা ফেসপ্যাকের সাথে মিশিয়ে লেবু ব্যবহার করুন।

সাদা চিনি: স্ক্রাবে সাদা চিনি ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন। সাদা চিনি ব্যবহার ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। সাদা চিনির ধারালো পাশ ত্বকের কোষের ক্ষতি করে। ত্বকের ওপরের ক্ষুদ্র ক্ষুদ্র ছেদ, প্রদাহ, জ্বলুনি, লালচেভাব, শুষ্কতা ও অন্যান্য ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে। ত্বকে ব্রণের সমস্যা থাকলে সাদা চিনি ত্বকে দাগ ফেলতে পারে। এছাড়া লালচে ভাব ও প্রদাহের সৃষ্টি করতে পারে। 

বেকিং সোডা: অনেকে বেকিং সোডা ফেস ক্লিনজার, ফেস মাস্ক বা ‘ফিজিক্যাল এক্সফলিয়েটর’ হিসেবে ব্যবহার করে থাকেন। সরাসরি বেকিং সোডার ব্যবহার ত্বকের প্রতিরক্ষামূলক তেলের স্তর দূর করে, যা সংক্রমণ ও ব্রণের জন্য ক্ষতিকারক। এছাড়াও বেকিং সোডা ত্বক আরও সংবেদনশীল করে ফেলে এবং ‘পিগমেন্টেইশন’য়ের ঝুঁকি বাড়ায়।

দারুচিনি: খাবারের স্বাদ বাড়ানোর এই উপাদানটি অনেকে সরাসরি ত্বকে ব্যবহার করে থাকে। তবে এটির ব্যবহার ত্বকে জ্বলুনি বাড়াতে পারে। ত্বকে দারুচিনি ব্যবহার করতে চাইলে মধু, জলপাইয়ের তেল ইত্যাদি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ দূর হওয়ার পাশাপাশি মসৃণ হয়।

উদ্ভিজ্জ তেল: অনেকেই ত্বকে উদ্ভিজ্জ তেল ব্যবহারে ভালো ফলাফল পেয়ে থাকেন। উদ্ভিজ্জ তেল ত্বকে বাড়তি আর্দ্রতা যোগ করে। ফলে ব্রণ, উন্মুক্ত লোমকূপ ও চিটচিটে হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পরিশোধিত তেল অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। তাই ত্বকের ক্ষতি হতে পারে। শুষ্ক ত্বকের অধিকারী হলে ‘কোল্ড- প্রেস’ প্রাকৃতিক তেল ব্যবহার করতে পারেন।

সূত্র: ‘টাইমস অব ইন্ডিয়া’

Link copied!