ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকা নগদসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আটক হওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে ‘সাজানো নাটক’ ও ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার সকালে বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বলেন, একজন যাত্রীর কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ অর্থ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। টাকার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা, তবে চূড়ান্ত গণনা চলমান।
বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিরাপত্তা তল্লাশিতে তার ব্যাগ ও দেহে নগদ অর্থ পাওয়া গেলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে জানানো হয়।
অন্যদিকে, আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, অর্থটি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনের অংশ। তিনি বলেন, টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি এবং এর উৎস বৈধ। প্রয়োজনীয় কাগজপত্র পরে উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন তিনি।
তবে পুলিশের বক্তব্য, শুধু দাবি নয় অর্থের প্রকৃত উৎস, বহনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো আইনবহির্ভূত কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনে আর্থিক গোয়েন্দা সংস্থার সহায়তাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তাঁর দাবি, উদ্ধার করা অর্থ বেলাল উদ্দিনের বৈধ ব্যবসায়িক সম্পদ।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তের অগ্রগতি ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।