তোফায়েল আহমেদের জানাজায় স্লোগান, কয়েকজন আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১, ২০২৬, ০৮:৩১ পিএম

তোফায়েল আহমেদের জানাজায় স্লোগান, কয়েকজন আটক

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজার সময় এ ঘটনা ঘটে।

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আপাতত স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার হেলিকপ্টারে করে মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে সার্কিট হাউস মাঠে জানাজা শেষে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

Link copied!