এপ্রিল ২৭, ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১৮৩ রানের বড় লক্ষ্য সামনে রেখেও দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দ্রুত ফিরে যান। অধিনায়ক লিটন দাস কিছুটা আগ্রাসী শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি।
মাঝে চাপে পড়ে গেলেও ম্যাচ ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। হৃদয় খেলেন ঝড়ো ফিফটি, মাত্র ২৭ বলে ৫১ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। অন্যদিকে শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন।
এর আগে পারভেজ হোসেন ইমনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার দ্রুত রান তোলায় ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ।
শেষদিকে হৃদয়-শামীমের জুটি ম্যাচ একেবারে নিজেদের করে নেয়। মাত্র ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ১৮২ রান তোলে। তাদের হয়ে কাটেন ক্লার্ক ও ডিন ক্লিভার ফিফটি করেন।
এই জয়ের ফলে চট্টগ্রামে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।