মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১।’
শনিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলয়নায়তনে এই উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় প্রতিমন্ত্রী বলেন, চলচিত্র মানুষের কথা বলে, চলচ্চিত্র মানুষের চেতনা এবং মূল্যবোধ জাগ্রত করে। চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধের ইতিহাস ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, জয়িতা ফাউন্ডেশানের উপপরিচালক আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
ছয় নারী নির্মাতা কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’ নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’ , মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ , শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজিবা খানের ‘দ্য ওয়ান্টেড টুইন’ উৎসবে প্রদর্শিত হবে।
আগামী ৮ মার্চ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে নার্গিস আক্তার,শাহনেওয়াজ কাকলী এবং নানজিবা খানকে সম্মানননা প্রদান করা হয়।